হরমুজ প্রণালি দিয়ে সামুদ্রিক যান চলাচল ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে কারিগরি আলোচনা চলছে। এ বিষয়ে শিগগিরই সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (আইএসএনএ) দেওয়া বক্তব্যে আরাগচি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট নৌপথ নির্ধারণ করাই এ আলোচনার মূল লক্ষ্য।
তিনি বলেন, ওমানের সঙ্গে চলমান এই আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা থেকে সম্পূর্ণ আলাদা। দুটি বিষয় পরস্পরের সঙ্গে সম্পর্কিত নয়।
আরাগচির ভাষায়, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নৌপথ নির্ধারণসংক্রান্ত এটি মূলত একটি কৌশলগত ও কারিগরি আলোচনা।
তিনি আরও জানান, দুই দেশের বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে কাজ করছেন। আলোচনায় সামরিক বাহিনীর কর্মকর্তারাও যুক্ত রয়েছেন। এ ক্ষেত্রে সামরিক বাহিনীর মতামত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।





