শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আরও একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল পৌনে ১২টার দিকে তাকে আটক করা হয়।
এর কিছুক্ষণ পর ওই এলাকায় আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে আরেক ব্যক্তিকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে অর্নব দাস নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম জানিয়েছেন, অর্নব দাস টাঙ্গাইল জেলা যুবলীগের একজন সক্রিয় সদস্য।
১৫ আগস্ট ঘিরে শনিবার সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতি দেখা যায়।
পুলিশ জানিয়েছে, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এর আগে শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপ্রীতিকর পরিস্থিতি ও জননিরাপত্তা বিঘ্নের আশঙ্কা বিবেচনায় রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ডিএমপি জানায়, ঢাকার বিভিন্ন স্থানে পিকেট ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নগরের প্রবেশপথগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরাও মাঠে রয়েছেন।





