ফরিদপুর শহরে অভিযান চালিয়ে ইয়াবাসহ মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন।

রোববার (১৬ আগস্ট) বিকেলে শহরের ২ নম্বর কুঠিবাড়ি গুহলক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির ফরিদপুর জেলা কার্যালয়ের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বসতবাড়ির সামনের গলি থেকে মেহেরুন্নেসা বৃষ্টিকে আটক করা হয়।

অধিদপ্তরের দাবি, তল্লাশির সময় তার কাছ থেকে মেথামফেটামিনযুক্ত পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

আদালতের আদেশের পর সাজা কার্যকরের জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছে।