দীর্ঘদিন বন্ধ থাকা তিনটি জুট মিল বেসরকারি বিনিয়োগে আবার চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মিলগুলো পরিচালনায় দুটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, তিনটি মিলে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। উৎপাদন কার্যক্রম শুরু হলে ১১ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
তিনি আরও জানান, শুধু এই তিনটি নয়, আগামী ছয় মাসের মধ্যে বন্ধ থাকা আরও কিছু কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খুলনার খালিশপুরে অবস্থিত প্লাটিনাম জুবিলি জুট মিল ৩০ বছরের জন্য ইজারা পেয়েছে হ্যামকো গ্রুপ।
অন্যদিকে খুলনার দীঘলিয়ার স্টার জুট মিলস এবং সিরাজগঞ্জের রায়পুরে অবস্থিত জাতীয় জুট মিলস ইজারা পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।
বেসরকারি বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা পুনরায় উৎপাদনে ফিরলে পাটশিল্পে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বন্ধ শিল্পপ্রতিষ্ঠান সচল করার সরকারি উদ্যোগও গতি পাবে বলে আশা করা হচ্ছে।





