২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের আত্মত্যাগের চেতনা শুধু মুখে নয়, কর্মেও ধারণ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জাকারিয়া তাহের সুমন বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া মানুষ একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করেছিলেন। সেই প্রত্যাশা পূরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলন-সংগ্রামে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।

বর্তমান সরকারের কার্যক্রম তুলে ধরে গণপূর্তমন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে নিয়মিত দীর্ঘ সময় কাজ করছেন। বিগত ১৫ বছরে দেশ নানা সংকটে পড়েছিল উল্লেখ করে তিনি বলেন, সবাই সহযোগিতা করলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশকে সঠিক পথে এগিয়ে নিতে কাজ করছে। দায়িত্বশীলভাবে সবাই নিজ নিজ কাজ করতে পারলে দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে।

কুমিল্লার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে জাকারিয়া তাহের সুমন বলেন, তার মন্ত্রণালয় থেকে অন্যান্য শহীদ পরিবার যেসব সুযোগ-সুবিধা পাবে, কুমিল্লার পরিবারগুলোকেও তা দেওয়া হবে। সরকার ঘোষিত সুবিধা থেকে কেউ বঞ্চিত হলে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

সভায় প্রধান আলোচকের বক্তব্যে কুমিল্লা-৬ আসনের এমপি চৌধুরী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন থেকে দেশকে মুক্ত করেছে। জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ ভুলে যাওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জুলাইযোদ্ধাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তাদের ত্যাগ, কষ্ট ও প্রত্যাশা উপলব্ধি করেন এবং তাদের হতাশ করবেন না।

মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লা বারের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার আহ্বায়ক সাকিব হুসাইনসহ জুলাইযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।