আগামী বছরের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ শেষে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠান শেষে রাজনৈতিক প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এনসিপি ও জামায়াতের বিষয়ে মন্তব্য করে শাহে আলম দাবি করেন, তাদের সঙ্গে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের যোগাযোগ থাকার সম্ভাবনা রয়েছে। দেশে চলমান আন্দোলন আওয়ামী লীগকে সহযোগিতা করার অংশ বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, দলটি অকৃতজ্ঞ। তার দাবি, ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের দুই নেতাকে মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন, যাতে তাদের বিরুদ্ধে থাকা রাজাকার পরিচয়ের বিষয়টি দূর হয়। তবে বর্তমানে জামায়াত সেই বিষয়টি ভুলে গেছে।

বর্তমান সরকার প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, এটি জনগণের সরকার এবং দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পার হওয়ার আগেই লংমার্চের মাধ্যমে সরকার পতনের হুমকি দেওয়া হচ্ছে।