সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসায় উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে মির্জা আব্বাস দেশে ফিরেছেন। এ সময় তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও পরিবারের অন্য সদস্যরাও ছিলেন।
এর আগে গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। পরে তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি নেন।
চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছিলেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
এর আগে গত ১১ মার্চ রাজধানীতে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরোলজি বিশেষজ্ঞদের একটি চিকিৎসক দল তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন।
অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপির জন্য তাকে বিদেশে নেওয়া হয়।





