দেশের মানুষের হাতে সাশ্রয়ী দামে ডেটা-নির্ভর স্মার্টফোন পৌঁছে দিতে স্থানীয়ভাবে কম খরচে ডিভাইস উৎপাদনের পরিকল্পনা করছে সরকার। এসব স্মার্টফোনের দাম ৫০ থেকে ৬০ ডলারের মধ্যে রাখা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ‘পাওয়ারিং দ্য ফিউচার: রবি কমপ্লিটস ঢাকা মডার্নাইজেশন’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

রেহান আসিফ বলেন, কম দামে মানসম্মত স্মার্টফোন বাজারে আনতে বাজেটের আগে স্থানীয় মোবাইল ফোন নির্মাতা, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করেছে সরকার। এর অংশ হিসেবে মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের ওপর থাকা কর, ভ্যাট ও শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

তার ভাষ্য, আগে এসব কাঁচামালের ওপর ২৬ থেকে ৩৩ শতাংশ পর্যন্ত কর, ভ্যাট ও শুল্ক ছিল। বর্তমানে কিছু ক্ষেত্রে তা শূন্য করা হয়েছে, আবার কিছু ক্ষেত্রে ২ থেকে ৫ শতাংশের মধ্যে নামিয়ে আনা হয়েছে।

উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হলো সাধারণ মানুষের নাগালের মধ্যে ভালো মানের ডিভাইস পৌঁছে দেওয়া। স্থানীয় নির্মাতাদের সঙ্গে আলোচনায় তারা জানিয়েছে, প্রায় ৫০ থেকে ৬০ ডলারের মধ্যে অ্যান্ড্রয়েডভিত্তিক ডেটা স্মার্টফোন তৈরি করা সম্ভব হতে পারে। নির্মাতারা দ্রুত এ ধরনের ফোন উৎপাদনের প্রক্রিয়া শুরু করতেও আগ্রহী।

স্মার্টফোন কেনা আরও সহজ করতে কিস্তি সুবিধা সম্প্রসারণের উদ্যোগের কথাও জানান তিনি। রেহান আসিফ বলেন, মোবাইল ফোনকে কেন্দ্রীয় ব্যাংকের ইএমআই কর্মসূচির আওতায় আনা এবং বেসরকারি ব্যাংকগুলোকে কিস্তি সুবিধা দিতে উৎসাহিত করার বিষয়ে কাজ চলছে।

দেশে স্মার্টফোন ব্যবহারের বর্তমান চিত্র তুলে ধরে তিনি বলেন, এখনো প্রায় অর্ধেক মোবাইল ব্যবহারকারী ফিচার ফোন ব্যবহার করছেন। মোট মোবাইল গ্রাহক প্রায় ১৪ কোটি হলে এর মধ্যে আনুমানিক ৭ কোটি মানুষ এখনো ফিচার ফোনের ওপর নির্ভরশীল।

এই পরিস্থিতি বদলানো প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, উন্নত ডেটা নেটওয়ার্কের সুবিধা কাজে লাগিয়ে ফিচার ফোন ব্যবহারকারীদের স্মার্টফোনে নিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট খাতকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।