রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি শপিং ব্যাগের ভেতর থেকে কয়েকটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে নিউমার্কেটগামী সড়ক থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাস্ক পরা কয়েকজন যুবক ওই এলাকায় হাতাহাতি করছিলেন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগটির ভেতরে লাল টেপে মোড়ানো কয়েকটি সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, জর্দার বড় ও মাঝারি আকারের কৌটা লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে।

পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে বস্তুগুলো পরীক্ষা করেন এবং পরবর্তী পরীক্ষার জন্য সঙ্গে নিয়ে যান।