চিত্রনায়ক সালমান শাহকে হত্যার জন্য আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে খল-অভিনেতা আশরাফুল হক ডনের ১২ লাখ টাকার চুক্তি হয়েছিল বলে আদালতে দাবি করেছেন ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
রোববার (৯ আগস্ট) সালমান শাহ হত্যা মামলার আসামি ডনকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষের শুনানিতে তিনি এ দাবি করেন।
পিপি ওমর ফারুক ফারুকী বলেন, রিজভী আহমদ নামে এক আসামি অন্য একটি হত্যাচেষ্টা মামলায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ বিষয়ে তথ্য দিয়েছিলেন।
রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই জবানবন্দিতে রিজভী দাবি করেন, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল। এর জেরে সালমান শাহকে হত্যার জন্য ১২ লাখ টাকায় ডনের সঙ্গে চুক্তি করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
তবে এসব বক্তব্য অভিযোগ ও অন্য মামলায় দেওয়া এক আসামির জবানবন্দির ওপর ভিত্তি করে আদালতে উপস্থাপন করা হয়েছে।
সালমান শাহ হত্যা মামলার এজাহারে আশরাফুল হক ডনকে ৮ নম্বর আসামি করা হয়েছে। রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে সিআইডি তাকে নিজেদের হেফাজতে নেয়।
বিকেলে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরিফুর রহমান।
আবেদনে বলা হয়, ডন দীর্ঘদিন পলাতক ছিলেন। মামলার বিষয়ে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তিনি জামিনে মুক্তি পেলে তদন্ত ব্যাহত হতে পারে এবং আবারও পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করে সিআইডি।
রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী আবেদনটির পক্ষে শুনানি করেন। এ সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারভুক্ত আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।





