সংসদীয় পথ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় লংমার্চের মতো কর্মসূচির মাধ্যমে বিরোধী দল গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, বিদ্যুৎ ও গ্যাস ইস্যুতে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তাদের পরিবারকে উদ্দেশ করে অশ্রাব্য ও আপত্তিকর শব্দ ব্যবহার করা হচ্ছে। এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থা নিলে বিরোধী দল সংশ্লিষ্ট ব্যক্তিকে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছে।
তিনি বলেন, “বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কারণ এটি অপরাধের পর্যায়ে পড়ে। কিন্তু বিরোধী দল তা সমর্থন না করে তাকে ছেড়ে দেওয়ার কথা বলছে। এতে করে তারা অন্যায় ও অবৈধ পন্থাকে উৎসাহ দিয়েছে। সমাজে ঘৃণা ও অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে; যা খুবই নিন্দনীয়।”
সরকারপ্রধান ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবহৃত ভাষারও সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, “সরকার প্রধান ও তার পরিবারের বিরুদ্ধে যে ধরনের কথা বলা হয়েছে, তা সামাজিকভাবে কোনোভাবেই যায় না।”
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, সংসদের ভেতরে ও বাইরে সরকারের ভুলত্রুটি তুলে ধরার সুযোগ রয়েছে। কিন্তু তার দাবি, বিরোধী দল সে পথ অনুসরণ না করে ভিন্ন পন্থায় অগ্রসর হচ্ছে।
রিজভী বলেন, “আপনারা সংসদের ভেতরে ও বাইরে কথা বলতে পারেন। আপনারা সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিতে পারেন। কিন্তু তার পরিবর্তে ভিন্ন পন্থা অবলম্বন করছেন। দেশে গণতন্ত্রের যে কাঠামো, যে চারা গাছটি ওঠা শুরু করছিল, তা বিনষ্ট করার চক্রান্ত হচ্ছে।”
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিরোধী দল শুধু সরকারের সমালোচনা করছে, কিন্তু পরিস্থিতি মোকাবিলায় গঠনমূলক কোনো প্রস্তাব দিচ্ছে না। সংসদে পরামর্শ না দিয়ে তারা সংসদের বাইরের পথ বেছে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের ছয় মাসের কার্যক্রম নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দিতে গিয়ে রিজভী বলেন, “বিরোধী দলের দাবি, গত ৬ মাসে সরকার সবক্ষেত্রেই ব্যর্থ। অথচ আমাদের দায়িত্ব নেওয়ার সময় রিজার্ভের পরিমাণ তলানিতে ছিল। কিন্তু গত কয়েক মাসে তা আড়াই গুন বেড়েছে।”
তার দাবি, রিজার্ভ বৃদ্ধির মতো ইতিবাচক বিষয়গুলো বিরোধী দল জনগণের সামনে তুলে ধরছে না। সরকার ব্যর্থ হয়েছে—এমন অভিযোগ তুলে রাজপথে আন্দোলন করলেও সাধারণ মানুষ বিরোধী দলের ভূমিকা ইতিবাচকভাবে দেখছে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনের কর্মসূচি সফল হয়েছে দাবি করে দলীয় নেতাকর্মীদের ব্যানার ও বিলবোর্ড দ্রুত সরিয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান রিজভী।





