ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। হামলায় রাজধানীর বিভিন্ন স্থানে আবাসিক ভবনসহ বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, হামলায় কিয়েভের একাধিক এলাকায় আবাসিক ভবন ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি শিশু হাসপাতাল এবং একটি স্কুলও হামলার কবলে পড়ে।
এদিকে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের ঘাটতি কিয়েভের নিরাপত্তা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র না থাকায় হামলায় প্রাণহানি বেড়েছে। বিশেষ করে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পশ্চিমা মিত্রদের কাছ থেকে পাওয়া আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ওপর অনেকটাই নির্ভরশীল ইউক্রেন।
পশ্চিমা দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় সরবরাহ কমে যাওয়ায় রাজধানী কিয়েভসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষিত রাখা কঠিন হয়ে পড়ছে।
সূত্র: বিবিসি





