রাজধানীর বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রানা পেশায় একজন গাড়িচালক। পরে রাত ২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

রানার গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী এলাকায়। তার বাবার নাম মৃত আবদুর রব। বর্তমানে তিনি রাজধানীর ভাটারার নতুন বাজার কাজীবাড়ি এলাকায় বসবাস করতেন।

চিকিৎসাধীন অবস্থায় রানা জানান, ঘটনার দিন বিকেল ৩টার দিকে তিনি উত্তর বাড্ডায় পরিচিত জয় নামের এক ব্যক্তির বাসায় দাওয়াত খেতে যান। পরে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। সে সময় কক্ষে তার ছোট ভাই ও জয় উপস্থিত ছিলেন।

রানার ভাষ্য অনুযায়ী, রাত ১০টার দিকে বাসার দরজায় কড়া নাড়ার শব্দ শুনে ভেতর থেকে পরিচয় জানতে চাওয়া হয়। তবে বাইরে থেকে কোনো উত্তর না পাওয়ায় জয় দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে বাসার মূল ফটকের দিকে এগিয়ে যান।

রানা অভিযোগ করেন, এ সময় তামিমসহ আরও দুজন ভেতরের দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন। তারা তাকে গালিগালাজ করতে করতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় ডান পায়ে গুলি করেন। পরে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান।

রানার অভিযোগ, একই এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে তামিম তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। এতে তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে গুলি লাগে।

রানার স্বজনদের দাবি, রানার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে তামিম নিয়মিত চাঁদা দাবি করতেন। তবে রানা চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এ ঘটনার জেরে হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

স্বজনরা আরও দাবি করেন, অভিযুক্ত তামিমের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি হত্যা মামলাও রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, রাতে বাড্ডা এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় রানা নামের এক যুবককে ঢামেকে আনা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।