যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সমর্থন দেওয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ইইউর অবস্থানকে ‘নৈতিক অবক্ষয় ও রাজনৈতিক অক্ষমতার’ পরিচায়ক বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ইসমাইল বাঘেই লিখেছেন, ‘ইইউ মনে হচ্ছে মার্কিন বলপ্রয়োগের কাছে নিজেদের সার্বভৌমত্ব, আইন ও নীতি-নৈতিকতা বিসর্জন দিচ্ছে।’

তেহরানের বিরুদ্ধে একপেশে ও বেআইনি অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ইইউর সমর্থন আন্তর্জাতিক আইন ও সংস্থাটির নিজস্ব নীতিমালার পরিপন্থী বলেও দাবি করেন তিনি।

বাঘেই বলেন, ওয়াশিংটনের ‘অন্যায্য অর্থনৈতিক যুদ্ধে’ সমর্থন দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ধরনের পদক্ষেপের জন্য ইইউর প্রতিটি সদস্য রাষ্ট্রকে জবাবদিহির মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের এই মুখপাত্র আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন একদিকে উত্তেজনা কমানো ও আঞ্চলিক স্থিতিশীলতার কথা বলবে, অন্যদিকে ওয়াশিংটনের ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদকে’ সমর্থন দেবে—এই দুই অবস্থান একসঙ্গে চলতে পারে না।