আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ে বদলে গেল বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। কোনো বাড়তি সমীকরণ ছাড়াই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা নিশ্চিত করেছে বাংলাদেশ।
সোমবার (১০ আগস্ট) বেলফাস্টে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হারায় আফগানিস্তান। এই জয়ে নিজেদের সরাসরি বিশ্বকাপ খেলার পথ নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের অবস্থানও নিরাপদ করে দিয়েছে তারা।
অন্যদিকে ৩০ সেপ্টেম্বরের কাট-অফের আগে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে ওঠার সুযোগ হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা পেতে বাছাইপর্ব খেলতে হবে ক্যারিবীয়দের।
বেলফাস্টের ম্যাচে আগে ব্যাট করে ২০৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। জবাবে ১৭৬ রানে সাত উইকেট হারিয়ে চাপে পড়েছিল আফগানিস্তান। সেখান থেকে অধিনায়ক রশিদ খানের অপরাজিত ৩৭ রানের ইনিংসে জয় নিশ্চিত করে দলটি।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১৪ দল। আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে। এর বাইরে নির্ধারিত সময়ের ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলো সরাসরি মূল পর্বে জায়গা পাবে।
দক্ষিণ আফ্রিকা বর্তমানে শীর্ষ আটের মধ্যে থাকায় র্যাঙ্কিংয়ের নবম দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে।
৮৩ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। অষ্টম স্থানে থাকা আফগানিস্তান আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় তাদের অবস্থান আরও শক্ত হয়েছে। অন্যদিকে ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশের ওপরে ওঠার সুযোগ আর থাকছে না।
এই সমীকরণেই ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও সরাসরি বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ।





