চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে উপাচার্য ভবনে ২০ ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ থাকা কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসার জন্য গভীর রাতে দুটি অ্যাম্বুলেন্স ডাকা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দেন।
সোমবার দিবাগত রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অবরুদ্ধ অবস্থায় দুর্ভোগের কথা জানান চুয়েটের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।
তিনি বলেন, ‘২০ ঘণ্টার ওপরে আমরা অবরুদ্ধ রয়েছি। অনেকে সাফোকেশনে ভুগছেন। ঘুমানোর কোনো স্থান নেই। বিদ্যুৎহীন অবস্থায় থাকায় আমরা অনেক কষ্টে আছি।’
এর আগে সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টার দিকে ছাত্রদলের নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে ২১ দিন পর নিজ কার্যালয়ে প্রবেশ করেন উপাচার্য শেখ শরীফুল আলম। এ সময় তার সঙ্গে কয়েকজন সাবেক শিক্ষার্থী, বহিরাগত ব্যক্তি এবং অধ্যাপক আরাফাত রহমান উপস্থিত ছিলেন।
উপাচার্যের কার্যালয়ে প্রবেশের খবর ছড়িয়ে পড়লে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয় ত্যাগের জন্য দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে উপাচার্য ও তার সঙ্গীরা ভবন থেকে বের না হওয়ায় শিক্ষার্থীরা ভবনের প্রবেশপথে তালা লাগিয়ে দেন।
এরপর থেকে উপাচার্যসহ তার সঙ্গে থাকা ব্যক্তিরা ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। দিনভর ভবনের সামনে অবস্থান নিয়ে উপাচার্যের বিরুদ্ধে স্লোগান দেন আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনের ভেতরে থাকা উপাচার্য ও অন্যদের জন্য খাবার পাঠান। তবে রাতের দিকে অবরুদ্ধ ব্যক্তিদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।
পরিস্থিতি বিবেচনায় উপাচার্য নিজেই অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের ডেকে পাঠান। রাত ২টার দিকে শিক্ষার্থীদের পাহারায় চিকিৎসকেরা ভবনের ভেতরে প্রবেশ করে অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দেন। এ সময় ভবনের সামনে দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়।
এর আগে রাউজানের সহকারী কমিশনার (ভূমি) চুয়েট ক্যাম্পাসে গিয়ে উপাচার্য ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ পুনরায় চালু করার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা সেই প্রস্তাবে সম্মতি দেননি।
এদিকে সোমবার বিকেলে রাউজানের মদুনাঘাটসহ কয়েকটি স্থানে শিক্ষার্থীদের বহনকারী একাধিক বাসে হামলার অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
তাদের দাবি, উপাচার্যের সমর্থকেরা বাসগুলোতে হামলা ও ভাঙচুর করেছেন। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন চুয়েটের শিক্ষার্থীরা।
২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, মধ্যরাতে ডাকা হয় অ্যাম্বুলেন্স
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬
৬ দিন আগে
শেয়ার করুন:

শিক্ষা
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




