আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

রশিদুজ্জামান মিল্লাত গত ৩০ আগস্ট সংসদে জানিয়েছিলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল চালুর নামে বিগত সরকার একটি ভবন উদ্বোধন করেছিল। তবে এর অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন হয়নি। টার্মিনালটি চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন হবে বলেও জানান তিনি।

২০১৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প গ্রহণ করে। ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্প ব্যয়ের মধ্যে সরকার ৫ হাজার কোটি টাকা দিয়েছে এবং বাকি অর্থ জাপানি সংস্থা জাইকার ঋণ।

২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়। সে সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল, ২০২৪ সালের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে চালু হবে। তবে নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি।

বিমানমন্ত্রী জানান, ১৬ ডিসেম্বর থেকে তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। প্রথম দিনে ২০টি উড়োজাহাজ চলাচল করবে।

তিনি বলেন, তৃতীয় টার্মিনাল পরিচালনার আয়ের ২৭ শতাংশ বাংলাদেশ পাবে। এছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

তবে তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হতে আগামী বছরের মে মাস পর্যন্ত সময় লাগতে পারে বলেও জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।