রবার্ট প্যাটিনসন, জর্জ ক্লুনি, পেনেলোপে ক্রুজ কিংবা হাভিয়ের বারদেম—তারকার উপস্থিতিতে বরাবরের মতোই ঝলমলে ভেনিস চলচ্চিত্র উৎসব। তবে ৮৩তম আসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছেন না শুধু তারকারা; বরং যুদ্ধ, রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব এবং অস্থির বিশ্বের নানা সংকট উঠে আসছে এবারের চলচ্চিত্রগুলোর মূল বিষয় হিসেবে।
বুধবার (২ সেপ্টেম্বর) শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরোনো এই চলচ্চিত্র উৎসব। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। তবে এবারের আয়োজনে হলিউডের বড় স্টুডিও ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর উপস্থিতি তুলনামূলক কম। সেই জায়গা দখল করেছে স্বাধীন চলচ্চিত্র, আর্টহাউস সিনেমা এবং রাজনৈতিক বিষয়ভিত্তিক তথ্যচিত্র।
ভেনিস চলচ্চিত্র উৎসবের শিল্প পরিচালক আলবের্তো বারবেরা এবারের আয়োজনকে ‘ভেনিসের সবচেয়ে রাজনৈতিক আসর’ হিসেবে উল্লেখ করেছেন।
উদ্বোধনী ছবিতে রুপার্ট মারডকের গল্প
উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে ব্রিটিশ নির্মাতা ড্যানি বয়েলের ‘ইঙ্ক’। ছবিটিতে উঠে এসেছে প্রভাবশালী ডানপন্থী গণমাধ্যম ব্যক্তিত্ব রুপার্ট মারডকের জীবন ও মিডিয়া সাম্রাজ্যের উত্থানের গল্প।
১৯৬৯ সালে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে মারডকের প্রবেশ এবং ট্যাবলয়েড ‘দ্য সান’ কেনার ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে ছবির কাহিনি। সাম্প্রতিক বছরগুলোতে মারডক পরিবার ও তাদের ক্ষমতার দ্বন্দ্ব ব্যাপক আলোচনায় এসেছে। এই পরিবারকে ঘিরে নির্মিত কাল্পনিক টেলিভিশন সিরিজ ‘সাকসেশন’ও পেয়েছিল বিশ্বজুড়ে জনপ্রিয়তা।
ইলন মাস্ককে নিয়ে চার ঘণ্টার তথ্যচিত্র
এবারের উৎসবে আলোচনার অন্যতম কেন্দ্র অস্কারজয়ী নির্মাতা অ্যালেক্স গিবনির তথ্যচিত্র ‘মাস্ক’। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ককে নিয়ে নির্মিত প্রায় চার ঘণ্টার এই ছবিতে প্রযুক্তি, ক্ষমতা ও বিতর্কিত কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
মানবাধিকার, সামরিক নির্যাতন ও দুর্নীতির মতো বিষয় নিয়ে কাজ করা গিবনি এবার ক্যামেরা ধরেছেন প্রযুক্তি বিশ্বের আলোচিত এই ব্যক্তিত্বকে ঘিরে।
তবে মুক্তির আগেই ছবিটির সমালোচনা করেছেন মাস্ক। গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি অভিযোগ করেন, এটি তার ‘সুনাম নষ্ট করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে’।
গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংকট
মূল প্রতিযোগিতা বিভাগেও জায়গা পেয়েছে যুদ্ধ ও সংঘাতের গল্প। অস্কারজয়ী ইসরায়েলি-ফিলিস্তিনি প্রযোজনা ‘নো আদার ল্যান্ড’-এর দুই নির্মাতা ইউভাল আব্রাহাম ও র্যাচেল জোরের নতুন তথ্যচিত্র ‘নাজা’তে উঠে এসেছে গাজায় ইসরায়েলের যুদ্ধ ও প্রযুক্তিনির্ভর সামরিক কর্মকাণ্ড।
এ ছাড়া ‘সিটিজেন ওসামা’তে গাজার এক ফটোসাংবাদিকের জীবন তুলে ধরা হয়েছে। ইসরায়েলি নির্মাতা আমোস গিতাইয়ের ‘রোড টু জেরিকো’ ছবিতে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি চরমপন্থী বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ড দেখানো হয়েছে।
রাশিয়া, ইউক্রেন ও রাজনৈতিক দমন-পীড়ন
রাশিয়ায় স্বাধীন সাংবাদিকতার ওপর দমন-পীড়নের গল্প উঠে এসেছে মার্কিন-রুশ নির্মাতা জুলিয়া লোকতেভের ‘মাই আনডিজায়ারেবল ফ্রেন্ডস: পার্ট ২—এক্সাইল’ ছবিতে।
বেলারুশের রাজনৈতিক নিপীড়ন নিয়ে নির্মিত ‘লেটার্স ফ্রম দ্য সাইলেন্সড কান্ট্রি’র বিশ্ব প্রিমিয়ারও হবে ভেনিসে।
তবে রুশ বংশোদ্ভূত নির্মাতা ইলিয়া খ্রঝানোভস্কির ‘দাও’ ছবিকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ছবিটির রুশ সংশ্লিষ্টতা নিয়ে আপত্তি জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র ও সংস্কৃতি মন্ত্রণালয়। যদিও উৎসব পরিচালক আলবের্তো বারবেরা সমালোচনার পরও সিদ্ধান্ত পরিবর্তন করেননি। তার বক্তব্য, অনেকে ছবিটি না দেখেই অভিযোগ তুলছেন।
হলিউডের কম উপস্থিতিতে স্বাধীন সিনেমার সুযোগ
গত বছর ভেনিসে হলিউডের বড় স্টুডিও এবং নেটফ্লিক্স, অ্যামাজনের মতো স্ট্রিমিং প্রতিষ্ঠানগুলোর বড় উপস্থিতি থাকলেও এবার তাদের অংশগ্রহণ কম।
একই প্রবণতা দেখা গেছে ইউরোপের অন্য বড় উৎসব বার্লিন ও কানেও। ফলে এবারের ভেনিসে স্বাধীন ও শৈল্পিক ঘরানার সিনেমাগুলো বাড়তি গুরুত্ব পাচ্ছে।
এর মধ্যে রয়েছে আইরিশ নির্মাতা মার্টিন ম্যাকডোনার ‘ওয়াইল্ড হর্স নাইন’। ছবিতে অভিনয় করেছেন জন মালকোভিচ ও স্যাম রকওয়েল।
এ ছাড়া ক্যাসি অ্যাফ্লেকের প্রযোজনা প্রতিষ্ঠান ও জার্মান নির্মাতা ভের্নার হার্ৎসগের ‘বাকিং ফাস্টার্ড’ নিয়েও আগ্রহ রয়েছে। এতে অভিনয় করেছেন কেট মারা ও রুনি মারা।
মূল প্রতিযোগিতায় এশিয়ার দুই গুরুত্বপূর্ণ নির্মাতাও রয়েছেন। জাপানের হিরোকাজু কোরেদা নিয়ে এসেছেন ‘লুক ব্যাক’, আর দক্ষিণ কোরিয়ার লি চ্যাং-দংয়ের ছবি ‘পসিবল লাভ’ রয়েছে আলোচনায়।
তারকার উপস্থিতিতে ঝলমলে উৎসব
হলিউডের বড় ছবির সংখ্যা কম হলেও তারকার উপস্থিতিতে ঘাটতি নেই ভেনিসে।
রবার্ট প্যাটিনসন অভিনীত ল্যান্স ওপেনহাইমের ‘প্রাইমটাইম’ অন্যতম আলোচিত ছবি। এতে তিনি বাস্তব জীবনের মার্কিন টিভি অনুষ্ঠান ‘টু ক্যাচ আ প্রিডেটর’-এর উপস্থাপক ক্রিস হ্যানসেনের চরিত্রে অভিনয় করেছেন।
আজীবন সম্মাননা নিতে উৎসবে উপস্থিত থাকবেন জর্জ ক্লুনি। একই সম্মান পাবেন কিংবদন্তি অভিনেত্রী এলেন বার্স্টিন।
স্পেনের জনপ্রিয় তারকা দম্পতি পেনেলোপে ক্রুজ ও হাভিয়ের বারদেমও থাকছেন এবারের উৎসবে। ফরাসি নির্মাতা ফ্লোরিয়ান জেলারের ‘বাংকার’ ছবিতে তাদের স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে।
নারী নির্মাতার অংশগ্রহণ নিয়ে বিতর্ক
উৎসব শুরুর আগেই নারী নির্মাতাদের প্রতিনিধিত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মূল প্রতিযোগিতার ২০টি ছবির তালিকায় প্রথমে মাত্র একজন নারী নির্মাতার ছবি থাকায় সমালোচনা শুরু হয়।
আলবের্তো বারবেরা বলেন, মূল প্রতিযোগিতায় জায়গা পাওয়ার মতো মানসম্পন্ন ছবি নারী নির্মাতাদের কাছ থেকে পাওয়া যায়নি। তার এই মন্তব্য নতুন বিতর্ক তৈরি করে।
পরে ‘নাজা’ ছবিটি যুক্ত হওয়ায় নারী নির্মাতার প্রতিনিধিত্ব কিছুটা বাড়ে, কারণ ছবিটির সহপরিচালক একজন নারী।
প্রথমবার ভেনিসে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা
ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ প্রদর্শিত হবে উৎসবের অরিজোন্তি বিভাগে।
বিয়ে, মেকআপ এবং একটি বিউটি পারলারকে ঘিরে নির্মিত মনস্তাত্ত্বিক হরর ঘরানার এই ছবিতে অভিনয় করেছেন জাইনীন করিম, আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।
পর্তুগাল, নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হবে ৫ সেপ্টেম্বর ভেনিসে। এ উপলক্ষে নির্মাতা ও কলাকুশলীদের ৩ সেপ্টেম্বর ভেনিসে যাওয়ার কথা রয়েছে।





