রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা উদ্যানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। প্রায় এক দশক বন্ধ থাকার পর নতুন সাজে নগরবাসীর জন্য খুলে দেওয়া হচ্ছে এই উদ্যান।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আধুনিকায়ন করা উদ্যান এবং এর প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ শেষে উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে।
এর আগে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, প্রায় ১০ বছর বন্ধ থাকার পর ঐতিহাসিক ওসমানী উদ্যান আবারও সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে।
তিনি জানান, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে উদ্যানটির আধুনিকায়নকাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা এই জনপরিসরকে নতুনভাবে সাজিয়ে নগরবাসীর বিনোদন ও অবসরযাপনের উপযোগী করে তোলা হয়েছে।
আধুনিকায়নের মাধ্যমে উদ্যানের পরিবেশ আরও দৃষ্টিনন্দন ও জনবান্ধব করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
এর ফলে নগরবাসী সেখানে স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারবেন। পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে সময় কাটানো এবং অবসরযাপনের সুযোগও পাবেন।
উদ্যানের অন্যতম আকর্ষণ হিসেবে নির্মাণ করা হয়েছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
স্মৃতিস্তম্ভটি দর্শনার্থীদের কাছে ঐতিহাসিক আন্দোলনের ঘটনাবলি এবং শহিদদের আত্মত্যাগের স্মৃতি তুলে ধরবে।
দীর্ঘদিন পর ওসমানী উদ্যান পুনরায় উন্মুক্ত হওয়ার মধ্য দিয়ে রাজধানীবাসী একটি গুরুত্বপূর্ণ উন্মুক্ত বিনোদনকেন্দ্র ফিরে পেতে যাচ্ছেন।
একই সঙ্গে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের মাধ্যমে উদ্যানটি ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের একটি স্থান হিসেবেও নতুন গুরুত্ব পাচ্ছে।





