হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তাব জমা দিয়েছে জাপানি প্রতিষ্ঠান সাব ওয়ার্কিং গ্রুপ।

মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে প্রস্তাবটি হস্তান্তর করেন।

এ সময় বেবিচকের অন্যান্য সদস্য এবং জাপানি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রস্তাবের সঙ্গে কারিগরি ও আর্থিক বিষয়সংবলিত পৃথক নথি জমা দিয়েছে জাপানি প্রতিষ্ঠানটি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত আরএফপি মূল্যায়ন কমিটি নির্ধারিত প্রক্রিয়ায় এসব প্রস্তাব যাচাই করবে।

মূল্যায়ন কমিটিতে বেবিচকের সদস্য (প্রশাসন), সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।

প্রক্রিয়া অনুযায়ী প্রথমে কারিগরি প্রস্তাব মূল্যায়ন করা হবে। এরপর যাচাই করা হবে আর্থিক প্রস্তাব। মূল্যায়ন শেষ হলে প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতা কার্যক্রম শুরু হবে।

আলোচনা সফলভাবে সম্পন্ন হওয়ার পর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চুক্তি স্বাক্ষরের তারিখ চূড়ান্ত করা হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেশের বিমান পরিবহন খাতের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা ও দক্ষ পরিচালন ব্যবস্থার মাধ্যমে দেশের এভিয়েশন খাতের সক্ষমতা বাড়াতে টার্মিনালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।