চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর সীমান্তবর্তী বারইয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী একটি মাইক্রোবাস।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী ও তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর উদ্দেশে চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর বারইয়ারহাট এলাকায় পৌঁছালে মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাসের পেছনে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
দুর্ঘটনার খবর পেয়ে হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার নেতারা ঘটনাস্থল ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। সংগঠনের নেতারা জানান, পরে ফেনীর মহিপালে স্থানীয় প্রশাসন, বাস মালিক সমিতি ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টির সমাধান করা হয়।
ফেনী জেলা হেফাজতে ইসলামের সহপ্রচার সম্পাদক মাওলানা আজিজুল্লাহ আহমদী বলেন, বারইয়ারহাটে আমিরের গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে তারা মহিপালে যান। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীকে অন্য একটি গাড়িতে করে নোয়াখালীর উদ্দেশে পাঠানো হয়েছে।





