লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও এ-সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ভিডিওটি ভাইরাল হয়। প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি প্রতিবেদকের হাতেও এসেছে।
ভিডিওর একটি অংশে নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়বো না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়বো না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাবো। দেখি চেয়ারম্যান কি কয়। একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গা মতো পোস্টিং দেবে। সোজা হিসেব, ৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কত কোটি টাকার মাল সে আত্মসাৎ করছে। হিসেব করে দেখা যাবে ৫ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে। ৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন আমি সব সই করে দেবো।’
ভিডিওতে কয়েকজন ব্যক্তির কাছ থেকে তাকে নগদ টাকা গ্রহণ করতে দেখা যায়। তবে ভিডিওতে ওই ব্যক্তিদের মুখ স্পষ্ট নয় এবং তাদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।
একপর্যায়ে নুরুল আমিনকে ওই ব্যক্তিদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘এখানে কত?’ জবাবে একজন বলেন, ‘এখানে ৩৫ স্যার।’ এরপর নির্বাহী প্রকৌশলী বলেন, ‘এক লাখ ৩৫।’ তখন ওই ব্যক্তি বলেন, ‘আগে দিয়েছি এক লাখ স্যার।’
তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের দাপ্তরিক মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
ভিডিওতে দেখা ঘটনা ও কথোপকথনের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।





