সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের টাকা ঘাটে ঘাটে, স্থানে স্থানে চুরি করা হলে আমরা আর বসে থাকব না।

রোববার সকালে রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে না পারলে দায়িত্ব তাদেরই দেওয়া হবে, যারা তা নিশ্চিত করতে পারবেন। রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার দাবি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে।

বিমানবন্দরে জামায়াতের সংসদ সদস্যদের হেনস্তার অভিযোগ তুলে তিনি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলাকে ‘মিথ্যা’ বলে দাবি করেন। তার ভাষ্য, আখতারুজ্জামান কারও গায়ে হাত তোলেননি এবং তাকে ঘিরে আনা অভিযোগ ‘হাজার ভাগ মিথ্যা’।

শফিকুর রহমান বলেন, আখতারুজ্জামান শুধু জামায়াতে ইসলামীর নয়, সারা দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর। এ ঘটনাকে দেশবাসী ও প্রবাসীদের হালকাভাবে না নেওয়ার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যসেবা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, একটি মেডিকেল প্রতিষ্ঠানে মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা না গেলে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, ‘আমরা ডেঙ্গুকে মহামারির মতো দেখছি। এ কারণেই ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি নেওয়া হয়েছে এবং এ রোগ প্রতিরোধে আমরা ভূমিকা রাখব।’