অভিনেতা থেকে জননেতা, তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত রাজনৈতিক অ্যাকশন–থ্রিলার ‘জন নায়গন’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মাত্র তিন দিনে ভারতের বাজারে সিনেমাটির নেট আয় ১০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছেছে। একই সময়ে বিশ্বব্যাপী গ্রস আয় দাঁড়িয়েছে ১৭১ কোটি ৮৪ লাখ রুপি।

রোববার ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে ভারতে ৪২ কোটি ৭০ লাখ রুপি নেট আয় করে। ওই দিন দেশটিতে সিনেমাটির মোট গ্রস আয় ছিল ৫০ কোটি ২৮ লাখ রুপি।

সপ্তাহের শেষ দিকে দর্শকের উপস্থিতি বাড়ায় তৃতীয় দিনে সিনেমাটির আয়ও বেড়েছে। শনিবার ‘জন নায়গন’ ভারতে ২৮ কোটি ৫০ লাখ রুপি নেট আয় করেছে, যা আগের দিনের তুলনায় প্রায় ৩৪ দশমিক ৮ শতাংশ বেশি।

তিন দিনে ভারতে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৯২ কোটি ৩৫ লাখ রুপি। দেশটিতে মোট গ্রস আয় হয়েছে ১০৮ কোটি ৩৪ লাখ রুপি।

আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। তৃতীয় দিনে ভারতের বাইরে ২০ কোটি রুপি আয় করেছে ‘জন নায়গন’। এতে বিদেশের বাজারে সিনেমাটির মোট গ্রস আয় বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৫০ লাখ রুপিতে।

ভারত ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে তিন দিনে সিনেমাটির বিশ্বব্যাপী মোট গ্রস আয় হয়েছে ১৭১ কোটি ৮৪ লাখ রুপি।

‘জন নায়গন’ থালাপতি বিজয়ের ক্যারিয়ারে বিশেষ গুরুত্ব বহন করছে। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে এটিই তার শেষ সিনেমা বলে জানা গেছে।

এইচ. বিনোথ পরিচালিত রাজনৈতিক অ্যাকশন–থ্রিলারটিতে বিজয় অভিনয় করেছেন ভেত্রি কন্দন চরিত্রে। চরিত্রটি একজন সৎ সাবেক পুলিশ কর্মকর্তার, যিনি এক বন্ধুর মৃত্যুর পর তার মেয়ের দায়িত্ব নেন। এরপর রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব ও অ্যাকশনকে কেন্দ্র করে এগিয়ে যায় সিনেমার গল্প।