চট্টগ্রামের হাটহাজারীতে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান (এলজি), দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলিসহ মো. নাছির উদ্দীন (৪৩) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, প্রবাসে যাওয়ার সময় তার এক বন্ধু এসব অস্ত্র ও গোলাবারুদ নাছির উদ্দীনের জিম্মায় রেখে গিয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে হাটহাজারী মডেল থানার ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজারসংলগ্ন পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাছির উদ্দীন ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় চট্টগ্রাম জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে নাছির উদ্দীনের বসতঘরে অভিযান চালানো হয়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড ৭.৬৫ মিমি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
পরে একই ঘরের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) এবং ৭ রাউন্ড তাজা শটগানের কার্তুজ জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে নাছির উদ্দীন পুলিশকে জানান, রাউজান উপজেলার বাসিন্দা তার বন্ধু মো. তৈয়ব (৪৫) প্রায় তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় এসব অস্ত্র ও গোলাবারুদ তার কাছে রেখে যান। দেশে ফিরে অস্ত্রগুলো ফেরত নেওয়ার কথা ছিল বলেও জানান তিনি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ নিজ দখলে রাখার অভিযোগে নাছির উদ্দীন ও পলাতক মো. তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, পলাতক আসামি তৈয়বকে গ্রেপ্তার এবং উদ্ধার করা অস্ত্রের মূল উৎস ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।