নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন কর্মকাণ্ডে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিচ্ছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়ের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ ২০ সেপ্টেম্বর ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে বলে সরকার জানতে পেরেছে। সেই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কয়েকটি স্থানে রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ আইসিটি ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের রায়ের প্রেক্ষাপটে তথাকথিত কর্মসূচি দিয়েছে। সেটা মনে হয় আজকে ২০ তারিখ লকডাউন না কি নাম দিয়েছে। সেটাকে উদ্দেশ্য করেই রাজধানীতে কিছু ককটেলবাজি করেছে রাতের অন্ধকারে দুই-একটি জায়গায়।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, এসব কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের বক্তব্য বা কর্মসূচি নিয়ে সরকার শঙ্কিত নয়।
তিনি বলেন, ‘গণহত্যাকারী অশুভ আওয়ামী লীগের যারা নিষিদ্ধ এখন, তারা এখনো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নাই, ভুল স্বীকার করে নাই। উচ্চবাচ্য করছে বিদেশে বসে, তাদের এ সমস্ত অপতৎপরতায় আমরা মোটেই শংকিত না। এই জাতি তাদেরকে কখনো এই দেশে, কখনো রাজনৈতিকভাবে গ্রহণ করবে না। তারা ডিসেম্বরে ফিরবে বলে না ফেব্রুয়ারিতে ফিরবে বলে, এগুলোতে আমাদের কোনো মনোযোগ নাই।’
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ তথ্য দিতে পারবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের প্রত্যর্পণের জন্য একাধিকবার ভারত সরকারের কাছে এক্সট্রাডিশন ট্রিটির আওতায় অনুরোধ পাঠানো হয়েছে। বিষয়টি অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি। ভারত সরকার এ বিষয়ে উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ।





