ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে ঢাকা অভিমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকে কুমিল্লার বুড়িচং থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রোগী ও বিদেশগামী যাত্রীরা।
যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যানজটের কারণে অনেক বিদেশগামী যাত্রী নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছানো নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কেউ কেউ বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে সিএনজি ও অটোরিকশায় ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করছেন। তবে এতে স্বাভাবিক ভাড়ার তুলনায় কয়েক গুণ বেশি টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
স্থানীয়রা জানান, আষাড়িয়ারচর ব্রিজ থেকে কুমিল্লার চান্দিনা পর্যন্ত ঢাকা অভিমুখী লেনে সবচেয়ে বেশি যানজট দেখা দিয়েছে। কোথাও ধীরগতিতে যানবাহন চললেও বেশিরভাগ জায়গায় দীর্ঘ সময় ধরে গাড়ি প্রায় স্থির অবস্থায় রয়েছে।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্ত তৈরি হয়েছিল। দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার সকাল ১১টার দিকে সেখানে সংস্কারকাজ শুরু করা হয়।
সংস্কারকাজ চলাকালে মহাসড়কের দুই লেনের মধ্যে একটি লেন বন্ধ রাখা হয়। অপর লেন দিয়ে উভয় দিকের যানবাহন চলাচল করায় সড়কে ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে। পরে অতিরিক্ত গাড়ির চাপের কারণে রাত থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
এর প্রভাব পড়ে দাউদকান্দি, মেঘনা টোলপ্লাজা এবং কুমিল্লার চান্দিনা এলাকাতেও। দীর্ঘ যানজটে আটকে থাকা পণ্যবাহী গাড়ির চালক ও দূরপাল্লার যাত্রীরাও চরম ভোগান্তির কথা জানিয়েছেন।
কুমিল্লা থেকে বিদেশগামী এক যাত্রীকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন মনির হোসেন। তিনি বলেন, চান্দিনা থেকে অটোরিকশায় গৌরীপুর পর্যন্ত আসতে হয়েছে। তিনি জানান, চার ঘণ্টায় কুমিল্লা থেকে গৌরীপুর পৌঁছেছেন। বিকল্প যানবাহনে আসতে অতিরিক্ত প্রায় ১ হাজার ২৫০ টাকা খরচ হয়েছে।
দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় আটকে থাকা খন্দকার আরিফ হোসেন বলেন, ভোর ৪টায় কুমিল্লা থেকে রওনা হয়ে চান্দিনা থেকে দাউদকান্দির ২০ কিলোমিটার পথ পাড়ি দিতে চার ঘণ্টা লেগেছে। তিনি জানান, দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় ছোট শিশুরা তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের মূল কারণ আষাড়িয়ারচর ব্রিজের সংস্কারকাজ।
তিনি জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল কাজ করছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, যানজট চান্দিনা অতিক্রম করে বুড়িচং উপজেলার নিমসার পর্যন্ত পৌঁছেছে। যানবাহন ধীরগতিতে চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে একাধিক দল মাঠে কাজ করছে।





