যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৭৭ লাখ ৪২ হাজার টাকা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান চালায়।
আটক ব্যক্তি হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রজব বেপারীর ছেলে ওসমান গনি (৫০)।
বিজিবি জানায়, অভিযানের সময় ওসমান গনির শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৩৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি ঢাকা থেকে স্বর্ণের বার নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের মূল্য ৭৭ লাখ ৪২ হাজার টাকা। বাটন মোবাইলের মূল্য এক হাজার টাকা এবং নগদ ১১ হাজার ৬০০ টাকাসহ মোট জব্দকৃত মালামালের মূল্য ৭৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ পাচারকারীদের আটক ও পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে স্বর্ণসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক ওসমান গনির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।