জামালপুরের বকশীগঞ্জে গ্যাস্ট্রিকের বড়ি মনে করে ভুলবশত কীটনাশক (গ্যাস ট্যাবলেট) খেয়ে সুমন মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সুমন মিয়া উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর সলই মণ্ডলপাড়া গ্রামের মো. বাবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে সুমন মিয়া ভুলবশত গ্যাস্ট্রিকের বড়ি মনে করে কীটনাশক খেয়ে ফেলেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শেরপুর সদর হাসপাতালে রেফার করেন। 

পরবর্তীতে শেরপুর থেকেও অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হো‌সেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।