রাজধানীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার অভিযানে নানা অপরাধের অভিযোগে ৪৯৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মোট ৪৭টি মামলা করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ডিএমপির রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৩১, ওয়ারী বিভাগ ৯১, মতিঝিল বিভাগ ৪৮, তেজগাঁও বিভাগ ৫১, মিরপুর বিভাগ ১৩১, গুলশান বিভাগ ৪৫ এবং উত্তরা বিভাগ ৫৯ জনকে গ্রেপ্তার করে। এছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) চারজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় দুটি দেশি পাইপগান, দুটি কার্তুজ এবং চারটি চার্জারে থাকা চায়না রাইফেলের ৩৯টি গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া ১০ হাজার ২৮৭টি ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা এবং ৭০ বোতল কফ সিরাপ জব্দ করা হয়েছে।
অভিযানে আরও উদ্ধার করা হয় একটি চাকু, একটি কাঁচি, একটি ব্লেডের অংশ, পাঁচটি মুঠোফোন, নগদ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকা, একটি হাতঘড়ি, ১৫৬টি তাস, একটি ট্রাক, একটি মোটরসাইকেল ও একটি সিপিইউ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।





