পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের যোগদানের আগ্রহের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত।

শুক্রবার (২১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের সম্ভাব্যভাবে ওই চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে।

রণধীর জয়সোয়াল বলেন, “আমরা পশ্চিম এশিয়ায় ঘটে চলা ঘটনাবলির ওপর নিবিড়ভাবে নজর রাখছি। নির্দিষ্ট এই চুক্তির বিষয়ে বলতে গেলে, ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর এর সম্ভাব্য প্রভাব অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “জাতীয় স্বার্থ সুরক্ষায় ভারত সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এক সাক্ষাৎকারে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহের কথা জানিয়েছিলেন। এরপরই ভারতের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া এলো।

একই সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও প্রশ্ন করা হয়। জয়সোয়াল জানান, এ বিষয়ে বর্তমানে নতুন কোনো তথ্য নেই। সফরের সময়সূচি চূড়ান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে।

এ ছাড়া ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে যৌথ নদী কমিশনের মাধ্যমে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে।

১৯৯৬ সালে ৩০ বছরের জন্য স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। এ কারণে চুক্তিটি পর্যালোচনার বিষয়টি সামনে এসেছে।