রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় বিভিন্ন অপরাধে ৪০টি মামলা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৪২ জন, ওয়ারীতে ৮০ জন, মতিঝিলে ৬৮ জন, তেজগাঁওয়ে ১১৪ জন, মিরপুরে ১৪৩ জন, গুলশানে ৩৯ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১৩ জন রয়েছেন।

অভিযানে পুলিশ দুটি চাইনিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ছুরি ও ছয়টি ককটেল উদ্ধার করেছে। এছাড়া ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩টি ইয়াবা এবং ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া অভিযানে দুটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, সাতটি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং চারটি ইলেকট্রনিক চিপ উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে উদ্ধার হওয়া আলামত ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।