জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘটনাকে স্মরণ করে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের এই অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান রেখে একটি গণতান্ত্রিক, শক্তিশালী ও মানবিক রাষ্ট্র গঠনে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় সংসদ ও নিজের পক্ষ থেকে অভিনন্দন জানান।
স্পিকার বলেন, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে যাবে।
তিনি বলেন, সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষার সর্বোচ্চ প্রতিফলনের জায়গা। তাই দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
স্পিকার আরও বলেন, ১৯৯১ সালের পর দীর্ঘ ৩৫ বছর বিরতিতে ২০২৬ সালে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়া দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি অনন্য ও তাৎপর্যপূর্ণ ঘটনা।
অধিবেশনের শুরুতে কার্যপ্রণালী বিধির ১২(১) ধারা অনুযায়ী পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন স্পিকার। তারা হলেন— গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩), জামাল নিজাম (চট্টগ্রাম-১৩), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), নিলুফার চৌধুরী মনি (মহিলা আসন-১০) এবং মুজিবুর রহমান (রাজশাহী-১)।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার ক্রমানুসারে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
এরপর অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। সংসদ গত ১২ জুলাই প্রয়াত সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে।
এ ছাড়া সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র রায়, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ জাহান চৌধুরী, সাবেক চিফ হুইপ ও প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন মিয়াসহ ১২ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক জানানো হয়।
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী, চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, রাজনৈতিক চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং শিক্ষাবিদ ড. মকবুল হোসেনের প্রয়াণেও সংসদ শোক প্রকাশ করে।
শোক প্রস্তাবে বাদ পড়া কয়েকজন সাবেক সংসদ সদস্যের নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। তিনি যশোরের ঝিকরগাছার সাবেক সংসদ সদস্য আবু সাদেক মোহাম্মদ আবু সাঈদ এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল আজিজের নাম যুক্ত করার অনুরোধ জানান।
পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মণি নাটোরের সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্তির আহ্বান জানান।
একই সঙ্গে নেপালের সাম্প্রতিক আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় সংসদের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানোর প্রস্তাব করেন তিনি।
চিফ হুইপ জানান, নেপালের দুর্যোগে সহায়তার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম ও মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।
পরে নেপালের দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রয়াত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন।





