গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও আনন্দের বন্ধন আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নরসিংদীর শিবপুর উপজেলার যোশর বাজারে আয়োজিত ‘ঐতিহ্যবাহী নৌকা বাইচ ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর শারীরিক ও মানসিক বিকাশের দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটাতে হবে। এর মাধ্যমে সুস্থ ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, নৌকা বাইচ গ্রামবাংলার দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য। ছোটবেলায় ঢাকার বুড়িগঙ্গায় নৌকা বাইচ দেখে যে আনন্দ উপভোগ করতেন, সময়ের পরিবর্তন ও সামাজিক নানা জটিলতায় সেই আয়োজনের আবেদন অনেকটাই কমে গেছে।

ড. আবদুল মঈন খান আশা প্রকাশ করেন, ঐতিহ্যবাহী এ ধরনের আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে হারিয়ে যাওয়া আনন্দ, পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির পরিবেশ আবারও ফিরে আসবে।

তিনি বলেন, রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা থেকে বের হয়ে দেশকে সুন্দর, ঐতিহ্যময় ও স্বাভাবিক জীবনধারার দিকে এগিয়ে নিতে হবে। দেশের পুনর্জাগরণে শিক্ষা, রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

নৌকা বাইচ আয়োজনের সঙ্গে যুক্ত শিবপুর ও রায়পুরার নেতৃবৃন্দ এবং কর্মীদের অভিনন্দন জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।

নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন নৌকা বাইচের উদ্বোধন করেন। পরে স্থানীয় সরকার মন্ত্রী নৌকা বাইচ পরিদর্শন করেন।