নতুন প্রজন্মের নেতৃত্বেই বাংলাদেশের পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি বলেন, তরুণদের হাত ধরেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। এজন্য শিক্ষার্থীদের নিয়মিত নিজেদের দক্ষতা ও জ্ঞান বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রয়োজন প্রতিভাবান, দক্ষ ও যোগ্যতাসম্পন্ন তরুণ সমাজ। নারী-পুরুষ নির্বিশেষে তরুণদের জ্ঞান ও কর্মদক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম তুলে ধরতে হবে।

তিনি বলেন, ব্যক্তিগত বা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যার সঙ্গেই কাজ করা হোক না কেন, মূল লক্ষ্য হতে হবে দেশের কল্যাণ।

সিনিয়র এই আইনজীবী বলেন, কোনো ব্যক্তি বড় পদে অধিষ্ঠিত হলেই সম্মানিত হয়ে যান না। বরং ব্যক্তির যোগ্যতা, নীতি, কর্ম ও আন্তরিকতার মাধ্যমেই একটি পদ মর্যাদা পায়।

তিনি উদাহরণ দিয়ে বলেন, শ্রেণিকক্ষে অনেক শিক্ষকের বড় ডিগ্রি থাকলেও সবাই শিক্ষার্থীদের হৃদয়ে জায়গা করে নিতে পারেন না। শিক্ষকতা থেকে শুরু করে নেতৃত্ব—সব ক্ষেত্রেই প্রকৃত গুণাবলি ও দায়িত্বশীলতাই মানুষের মূল্যায়নের ভিত্তি তৈরি করে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিশির মনির বলেন, তরুণরা যদি নিজেদের মেধার বিকাশ না ঘটায়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। আর তারা যদি জ্ঞান, দক্ষতা ও নিষ্ঠা নিয়ে এগিয়ে আসে, তাহলে দেশ নতুন ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।

তিনি শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান।