ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফারযাহ সানায়া চৌধুরীর দায়ের করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি বলে প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে পিবিআইয়ের দেওয়া ওই প্রতিবেদনের সঙ্গে একমত নন বাদীপক্ষ। এ বিষয়ে আদালতে নারাজি আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে বাদীর পক্ষে আইনজীবী শুভ্র সিনহা রায় এ নারাজি আবেদন দাখিল করেন।

বাদীপক্ষের আইনজীবী জানান, আদালত আগামী ২০ অক্টোবর মামলার বাদী আয়েশাহ আনুম ফারযাহ সানায়া চৌধুরী ও তিন সাক্ষীকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। ওই দিন মামলার বিষয়ে পরবর্তী শুনানি হবে।

মামলার বাদী সানায়া চৌধুরী জানান, ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে তিনি মামলা করেন। আদালতের নির্দেশে মামলার তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়া হলে তিনি সাক্ষীদের তথ্য, হুমকির অডিও রেকর্ডিংসহ বিভিন্ন প্রমাণ তদন্ত কর্মকর্তাদের কাছে জমা দেন।

তবে তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হয়নি বলে উল্লেখ করা হলেও এর পেছনে কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি বলে দাবি করেন বাদী।

মামলার এজাহারের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়া চৌধুরীর কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা আর ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, শাড়িটি ফেরত চাওয়ার পর তানজিন তিশা বাদীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন। এ ঘটনায় সানায়া গুলশান থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।

সানায়ার দাবি, এর আগে শাড়ি সংক্রান্ত ঘটনায় তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছিল।