বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সুসম্পর্ক বজায় রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য বা আলোচনা থাকতে পারে। ভবিষ্যতেও এমন বিষয় থাকতে পারে। তবে তিনি মনে করেন, কূটনৈতিক আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব।

দুই দেশের ভৌগোলিক ও ঐতিহাসিক বাস্তবতার কথা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমাদের ইতিহাস ও সীমান্তের বাস্তবতা বদলানো যাবে না। আমরা একে অপরের সঙ্গে স্বপ্ন ভাগাভাগি করি। আশা করি, আগামী দিনগুলোও ভালো যাবে।’

দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু সমাধানে উভয় পক্ষকে আলোচনায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, এমন কোনো সমস্যা নেই, যা আলোচনার টেবিলে বসে সমাধান করা সম্ভব নয়।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষও দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক দেখতে চায়। পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, গত দুই মাসে বাংলাদেশে যে আন্তরিকতা, প্রীতি ও ভালোবাসা পেয়েছেন, তা তাকে অভিভূত করেছে।