গ্রীষ্মের শেষভাগেও উত্তর আমেরিকার বক্স অফিসে আধিপত্য ধরে রেখেছে টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সনি পিকচার্সের এই সুপারহিরো সিনেমা টানা চতুর্থ সপ্তাহেও বক্স অফিসের শীর্ষস্থান ধরে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত সিনেমাটি এরই মধ্যে উত্তর আমেরিকায় দ্রুততম সময়ে ৮০ কোটি ডলার আয়ের রেকর্ড গড়েছে। একই সঙ্গে ২০২১ সালের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর আয় পেছনে ফেলে অঞ্চলটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হওয়ার দিকেও এগোচ্ছে এটি।

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর এই সাফল্যের মধ্যেই সপ্তাহান্তে বক্স অফিসে প্রতিযোগিতায় নামছে বেশ কয়েকটি নতুন সিনেমা।

শুক্রবার প্রায় ৩ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’। সনি পিকচার্সের স্ক্রিন জেমস, স্টেজ ৬ ফিল্মস ও ব্লামহাউস প্রযোজিত সিনেমাটি প্রথম সপ্তাহান্তে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার আয় করতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এর নির্মাণ ব্যয় প্রায় ১ কোটি ৮০ লাখ ডলার।

জ্যাকব চেজের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ, ব্র্যান্ডন পেরিয়া ও লিন শেই। গল্পের কেন্দ্রে রয়েছেন এক তরুণী মা, যার বিশেষ ক্ষমতা আত্মাদের বাস্তব জগতে ফিরিয়ে আনতে পারে। ২০১১ সালে যাত্রা শুরু করা ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির এটি ষষ্ঠ সিনেমা।

সিরিজের আগের ছবি ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’ ২০২৩ সালে উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহান্তে ৩ কোটি ৩০ লাখ ডলার আয় করেছিল। পরে বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় দাঁড়ায় ১৮ কোটি ৯০ লাখ ডলারে। নতুন কিস্তিটি রটেন টমেটোজে সমালোচকদের কাছ থেকে ৬৫ শতাংশ অনুমোদন পেয়েছে।

একই সময়ে প্রায় ২ হাজার ৭০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জেসন স্ট্যাথাম অভিনীত অ্যাকশন সিনেমা ‘মিউটিনি’। লায়ন্সগেটের সিনেমাটিতে এক সাবেক মেরিনকে হত্যার মামলায় ফাঁসিয়ে দেওয়ার পর নিজের নির্দোষিতা প্রমাণে লড়াই করতে দেখা যাবে।

জ্যাঁ-ফ্রাঁসোয়া রিশে পরিচালিত প্রায় ৪ কোটি ডলার বাজেটের সিনেমাটি উদ্বোধনী সপ্তাহান্তে এক অঙ্কের মিলিয়ন ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। রটেন টমেটোজে এটি সমালোচকদের কাছ থেকে ৪৯ শতাংশ অনুমোদন পেয়েছে।

চলতি বছর স্ট্যাথাম অভিনীত ‘শেল্টার’ প্রথম সপ্তাহান্তে উত্তর আমেরিকায় ৫৫ লাখ ডলার আয় করেছিল। এর আগে ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘এ ওয়ার্কিং ম্যান’-এর উদ্বোধনী আয় ছিল ১ কোটি ৫৫ লাখ ডলার। আগামী বছর তাকে ‘দ্য বিকিপার ২’-এ দেখা যাবে।

এ সপ্তাহে আরও মুক্তি পাচ্ছে অ্যান্ড্রু গারফিল্ড অভিনীত ‘দ্য ম্যাজিক ফারঅ্যাওয়ে ট্রি’। পাশাপাশি আইলা ফিশার, লেসলি মান ও আনা ফারিস অভিনীত ‘স্পা উইকএন্ড’ও প্রেক্ষাগৃহে আসছে।

‘দ্য ওডিসি’ ও ‘টয় স্টোরি ৫’-এর সাফল্যের সঙ্গে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর শক্তিশালী অবস্থান ২০২৬ সালের গ্রীষ্মকালীন বক্স অফিসে বাড়তি গতি এনে দিয়েছে। এখন পর্যন্ত এ মৌসুমে আয় দাঁড়িয়েছে প্রায় ৪২ কোটি ৪০ লাখ ডলারে।

রেন্ট্রাকের হিসাবে, গত বছরের একই সময়ের তুলনায় এ আয় ২৩ দশমিক ৭ শতাংশ বেশি। তবে গ্রীষ্মকালীন বক্স অফিসে সর্বোচ্চ আয়ের রেকর্ড এখনো ২০১৩ সালের দখলে। ওই বছর মোট আয় হয়েছিল প্রায় ৪৭ কোটি ৫০ লাখ ডলার।