দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত থাকার পরও কিছু দুষ্কৃতকারী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেন, “সারের কৃত্রিম সংকট যারা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফরিদপুর সদর উপজেলার হলরুমে পেঁয়াজ ও পাটচাষিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সঠিক সময়ে সার ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। ফরিদপুর অঞ্চলের মাটির গুণগত মান ভালো হওয়ায় এখানে তুলনামূলক কম সার ব্যবহার করেও ভালো ফলন পাওয়া সম্ভব।
তিনি আরও বলেন, এ অঞ্চলে পেঁয়াজ ও পাট চাষের সম্ভাবনা অনেক বেশি। আগামী দিনে পেঁয়াজ ও পাটের বীজ উৎপাদন বাড়িয়ে দেশকে স্বাবলম্বী করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
ফরিদপুরে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া সভায় বৃহত্তর ফরিদপুরের পেঁয়াজ ও পাটচাষি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।





