২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ১ অক্টোবর আইসিসি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) যৌথভাবে টুর্নামেন্টের সূচি প্রকাশ করবে।
একই দিনে বিশ্বকাপ শুরুর এক বছর আগের কাউন্টডাউনও শুরু হবে বলে জানিয়েছে জিও সুপার।
সূচি প্রকাশের পাশাপাশি বিশ্বকাপের টিকিটের ব্যালট কার্যক্রমও শুরু করবে আইসিসি। ১ অক্টোবর থেকে আগ্রহী সমর্থকেরা টিকিটের ব্যালটে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন। তবে ওই দিন সরাসরি টিকিট কেনার সুযোগ থাকবে না।
২০২৭ সালের বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। এর মধ্যে ১০টি দলের অংশগ্রহণ ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত হওয়ার কথা রয়েছে। আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে। বাকি আটটি দল আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি সুযোগ পাবে।
বর্তমান র‌্যাংকিং অনুযায়ী ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার অবস্থানে রয়েছে। বাংলাদেশ র‌্যাংকিংয়ে নবম স্থানে থাকলেও দক্ষিণ আফ্রিকা আয়োজক হিসেবে সরাসরি জায়গা পাওয়ায় বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।
তবে নামিবিয়ার বিশ্বকাপ খেলা এখনো নিশ্চিত নয়। তাদেরও বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিতে হবে। বাকি চারটি দলও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বকাপে আসবে।
২০২৭ বিশ্বকাপের ফরম্যাটেও পরিবর্তন আনা হয়েছে। ২০২৩ সালের ১০ দলের পরিবর্তে এবার খেলবে ১৪টি দল। নতুন তিন ধাপের কাঠামোয় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা।
প্রথম ধাপে ১২, ১৩ ও ১৪ নম্বরে থাকা তিন দল রাউন্ড রবিন পদ্ধতিতে সুপার সিরিজে খেলবে। সেখান থেকে শীর্ষ দলটি দ্বিতীয় ধাপে উন্নীত হবে।
দ্বিতীয় ধাপে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি দল। দুই গ্রুপের শীর্ষ তিনটি দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরবর্তী সেরা একটি দল নিয়ে হবে সুপার সেভেন পর্ব। সেখান থেকে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। এরপর ফাইনালে মুখোমুখি হবে দুই সেমিফাইনালের বিজয়ী দল।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। তিন দেশের ১২টি ভেন্যুতে মোট ৫৭টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।