চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা কমলেও বেড়েছে অনুত্তীর্ণের সংখ্যা। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৭৪ হাজার ৬০১ জন, অথচ ফেল করা শিক্ষার্থী বেড়েছে ৮৯ হাজার ৯৪৮ জন।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান থেকে এ চিত্র পাওয়া গেছে।
এদিন সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন।
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। ফলে অনুত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।
অন্যদিকে ২০২৫ সালে পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন। ওই বছর পাস করেছিলেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন এবং অনুত্তীর্ণ ছিলেন ৬ লাখ ৬৬০ জন।
দুই বছরের তথ্য তুলনা করলে দেখা যায়, এবার পরীক্ষার্থী কমেছে ৭৪ হাজার ৬০১ জন। একই সময়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮৯ হাজার ৯৪৮ জন।
অনুত্তীর্ণের সংখ্যা বাড়ার পাশাপাশি কমেছে সামগ্রিক পাসের হারও। ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার তা নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে। অর্থাৎ এক বছরে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ পয়েন্ট।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাতেও পতন হয়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। এবার পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। সে হিসাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ২২ হাজার ৩৫৬ জন।





