সাবেক প্রধানমন্ত্রী ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির লক্ষ্যে গোপন তৎপরতার অভিযোগ তুলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
ঢাবি উপাচার্য বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য তৎপরতা চালাচ্ছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। তিনি বলেন, ‘আমরা তাদের অবজার্ভ করছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা কোনো প্রতিহিংসা নয়। কিন্তু অন্যায়কারীকে শাস্তির আওতায় আনতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে কেন দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। কেউ রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
অতীতের পরিস্থিতির কথা তুলে ধরে ঢাবি উপাচার্য দাবি করেন, সাদা দলের সভা-সমাবেশেও আওয়ামীপন্থী শিক্ষকদের নজরদারি ছিল এবং সে সময় স্বাধীনভাবে কথা বলার সুযোগ সীমিত ছিল।
তিনি বলেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি জাতীয় বিভিন্ন সংকটেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সক্রিয় ভূমিকা রেখেছেন। অতীতে রাজনৈতিক মতের কারণে অনেক শিক্ষক নির্যাতন ও প্রতিবন্ধকতার মুখে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি।





