সামাজিক সুরক্ষা থেকে অবকাঠামো উন্নয়ন—বিভিন্ন খাতে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, একটি কঠিন ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তার ভাষ্য অনুযায়ী, আগের সময়ে দেশে অরাজকতা, গুম, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক সহিংসতার পরিবেশ তৈরি হয়েছিল।
তিনি বলেন, বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতা-কর্মীদের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটত এবং ভিন্নমত পোষণকারীরা নানাভাবে নিপীড়নের শিকার হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই গণআন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তন আসে বলে মন্তব্য করেন তিনি।
আগের সরকারের সময় আর্থিক খাতেও ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি, সোনালী ব্যাংক ও বেসিক ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে অনিয়ম এবং মেগা প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগ দেশের অর্থনীতিকে কঠিন অবস্থায় নিয়ে গিয়েছিল।
তার দাবি, সেই পরিস্থিতির উত্তরাধিকার নিয়েই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে।
রিজভী বলেন, নির্বাচনের আগে সরকার যে অঙ্গীকারগুলো করেছিল, সেগুলো বাস্তবায়নে দায়িত্ব নেওয়ার শুরু থেকেই কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “দিন-রাত নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ধরনের কমতি রাখেননি।”
রিজভীর ভাষ্য, বিভিন্ন দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ দেশের উন্নয়নের গতিকে কিছুটা বাধাগ্রস্ত করেছে। তবে এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও জনগণের স্বস্তি ও কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ইসমাইল জবিউল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, হুমায়ূন কবির ও জাহিদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।





