আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার সকাল ১১টার পর রাজধানীর নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

স্থানীয় নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে ভোটার তালিকা ও সম্ভাব্য ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনি আচরণবিধির ভেটিংও আইন মন্ত্রণালয়ে সম্পন্ন হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট আইন ও নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের কার্যক্রম চলছে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, বছরের শেষ দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার লক্ষ্য রয়েছে ইসির। সেই পরিকল্পনার অংশ হিসেবে চলতি মাসেই তফসিল ঘোষণার চিন্তা করা হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালা সংশোধনের বিষয় নিয়ে গত আগস্টেও নির্বাচন কমিশনের সঙ্গে এক দফা বৈঠক করেছিল জামায়াতে ইসলামী। এর ধারাবাহিকতায় দলটির প্রতিনিধিরা আবারও কমিশনের সঙ্গে আলোচনায় বসেছেন।

এদিকে জামায়াতের সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশন ও স্পিকারের কাছে চিঠি দেয় জামায়াত।

এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য নির্বাচন কমিশন সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।