বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে যাত্রা করেন ফিফা সভাপতি। সরাসরি ফ্লাইটের ব্যবস্থা না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেওয়া হয়।
ইনফান্তিনোর সফর মূলত যাত্রাবিরতিকেন্দ্রিক হলেও তার আগমন উপলক্ষে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতির সঙ্গে ফিফা সভাপতির সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
সংক্ষিপ্ত এ সাক্ষাতে বাংলাদেশের ফুটবল ও ফিফার সঙ্গে বাফুফের সম্পর্ক নিয়ে সৌজন্যমূলক আলোচনা হতে পারে। তবে আনুষ্ঠানিক কোনো বৈঠকের সূচি বা আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ফাঁকেও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো।
ঢাকায় স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে ফিফা সভাপতির।