বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবি আদায়ে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা।

বুধবার (১৯ আগস্ট) সকালে কারখানাটির শ্রমিকরা আতুরের ডিপো এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এতে কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। একই সঙ্গে শ্রমিকদের আরও কিছু ন্যায্য দাবি কারখানা কর্তৃপক্ষ পূরণ করছে না। বারবার দাবি জানানোর পরও সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা সড়কে নেমেছেন বলে জানান।

শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি তাদের অন্যান্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। দাবি পূরণে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলেও সতর্ক করেন তারা।

এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরিস্থিতি শান্ত রাখার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে পুলিশ।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা রয়েছেন।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ—উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতার চেষ্টা চলছে।