বাংলাদেশে এয়ারটেল ব্র্যান্ডের ১৬ বছরের পথচলায় নতুন অধ্যায় শুরু হয়েছে। ব্র্যান্ডটির নাম বদলে রাখা হয়েছে ‘সার্কেল’। নতুন পরিচয়ে এর স্লোগান নির্ধারণ করা হয়েছে—‘আসল সংযোগ, সব সময় সচল’।
তবে নাম পরিবর্তন হলেও গ্রাহকদের জন্য বিদ্যমান সেবায় কোনো পরিবর্তন আসছে না। এয়ারটেলের বর্তমান গ্রাহকেরা স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের আওতায় চলে আসবেন। তাদের ব্যবহৃত ০১৬ সিরিজের নম্বর, সিম, ব্যালান্স, প্যাকেজ ও অন্যান্য সেবা আগের মতোই কার্যকর থাকবে।
এ ছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন কিংবা গ্রাহকের সংরক্ষিত তথ্যেও কোনো পরিবর্তন হবে না।
সোমবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন ব্র্যান্ড ‘সার্কেল’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা।
তিনি বলেন, ‘বাংলাদেশে এয়ারটেলের পথচলা ১৬ বছরের। এ সময় আমরা সবার জন্য সবচেয়ে ভালো নেটওয়ার্ক, সেরা অফার আর সেবা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করেছি।’
সময়ের সঙ্গে প্রযুক্তি ও মানুষের ইন্টারনেট ব্যবহারের ধরন বদলে যাওয়াকে এই রিব্র্যান্ডিংয়ের অন্যতম কারণ হিসেবে তুলে ধরেন জিয়াদ সাতারা। তিনি বলেন, ‘পৃথিবীর সবকিছুই পরিবর্তিত ও বিবর্তিত হয়। আমরা যেভাবে ইন্টারনেট ব্যবহার করি, সেটিও বদলে গেছে। এটি এয়ারটেলের বিবর্তন। তবে আমাদের প্রতিশ্রুতি একই থাকবে।’
রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি কর্মকর্তা সাহেদ আলম বলেন, দীর্ঘ সময় ধরে এয়ারটেল দেশের একটি প্রজন্মের কাছে বিশেষ আবেগের জায়গা তৈরি করেছিল। তবে সময়ের সঙ্গে সেই প্রজন্মের যোগাযোগের অভ্যাস ও চাহিদাও বদলেছে।
নতুন ব্র্যান্ড নিয়ে তিনি বলেন, ‘সার্কেল আরও বেশি প্রাসঙ্গিক, আরও গতিশীল এবং আরও অনেক অনুপ্রেরণা আমাদের দেবে।’
গ্রাহকদের নতুন সিম নেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন সার্কেলের হেড অব ব্র্যান্ড অ্যান্ড ডিজিটাল তাহসিনা রাফা। তিনি বলেন, রবি আজিয়াটার অধীনে বাংলাদেশে রবি ও এয়ারটেল—দুটি ব্র্যান্ড ছিল। তরুণদের লক্ষ্য করে গড়ে ওঠা এয়ারটেল ব্র্যান্ডকেই এখন নতুন পরিচয়ে ‘সার্কেল’ হিসেবে সামনে আনা হচ্ছে।
তাহসিনা রাফা আরও জানান, নতুন ব্র্যান্ডের অধীনে গ্রাহকদের জন্য বাজারের প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় অফার দেওয়ার পরিকল্পনা রয়েছে।





