টালিউডের জনপ্রিয় তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। এক দশকের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। তবে বিয়ের আগেই তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এবার সেই গুঞ্জন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন দুই তারকা।
সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যক্তিগত সম্পর্ক ও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কথা বলেন বনি ও কৌশানি। এ সময় বাস্তব জীবনের সম্পর্কের পাশাপাশি পর্দায় তাদের জুটির গ্রহণযোগ্যতা নিয়েও আলোচনা হয়।
কৌশানি জানান, সব জুটি দর্শকদের কাছে সমান জনপ্রিয়তা পায় না। তবে ‘বহুরূপী’ সিনেমায় তাদের জুটি দর্শকের ভালোবাসা অর্জন করেছে। বিষয়টিকে ছবিটির জন্য ইতিবাচক বলে মনে করেন অভিনেত্রী।
অন্যদিকে বাস্তব ও পর্দার সম্পর্কের পার্থক্য তুলে ধরে বনি বলেন, বাস্তব জীবনের সঙ্গী এবং পর্দার সঙ্গী সব সময় এক হতে হবে, এমন কোনো কথা নেই। তবে শুটিং শেষে দিনের শেষে তাকে কৌশানির কাছেই ফিরে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে কৌশানি বলেন, যেকোনো সম্পর্কেই সমস্যা দেখা দিতে পারে। কিন্তু সমস্যা তৈরি হলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হবে, এমনটা তিনি মনে করেন না। বরং নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করে অনেক জটিলতার সমাধান করা সম্ভব।
বিচ্ছেদের গুঞ্জন যে তার পরিবারের সদস্যদের মধ্যেও প্রশ্ন তৈরি করেছে, সে কথাও জানান অভিনেত্রী। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা সম্পূর্ণ তাদের দুজনের বিষয় বলে মন্তব্য করেন কৌশানি।
প্রসঙ্গত, প্রায় এক যুগ ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। তাদের বিয়েতে দুই পরিবারের সম্মতিও রয়েছে। তবে এখনই বিয়ের পরিকল্পনার চেয়ে অভিনয় ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দিতে চান এই তারকা যুগল।