চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে মরানদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে জুমার নামাজের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো— ওই এলাকার মাসুদ রানার মেয়ে সুমাইয়া (৯) ও আবিদা (৭), নেজাম উদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরীফুল ইসলামের মেয়ে শরীফা (৮)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পাঁচ শিশু একসঙ্গে মরানদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের একজন পানিতে ডুবে যেতে শুরু করলে তাকে উদ্ধারে অন্য শিশুরা এগিয়ে যায়। এ সময় একে একে পাঁচজনই পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।