আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি জানান।
মনোনয়ন পাওয়ার পর কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘জাতির সঙ্গে কখনও বেঈমানি করব না। জাতির জন্য যেটা ভালো, সেটাই করব।’
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের কল্যাণের কথা বিবেচনা করেই রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এর আগে রোববার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী নির্ধারণকে কেন্দ্র করে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। সেখানে সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক সমঝোতা এবং নির্বাচনে জোটের পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়।
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারীসহ জোটের নেতারা বৈঠকে অংশ নেন।





